বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উদ্যোগে ফরহাদাবাদ ইউনিয়নের গীতা শিক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন
ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, গীতা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হাটহাজারী উপজেলা সংসদ নিয়মিতভাবে বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের আওতাধীন একাধিক গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল শ্রীশ্রী রাধাকৃষ্ণ গীতা শিক্ষালয়, মুক্তি প্রদায়িনী গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্র, মৈত্রী সংঘ গীতা শিক্ষা সংঘ, জ্ঞান মঞ্জুরী গীতা ও নৈতিক শিক্ষালয় এবং শ্রীশ্রী ওঁকার গীতা ও প্রাচ্য বিদ্যা নিকেতন শিক্ষা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে গিয়ে নেতৃবৃন্দ পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের দায়িত্ব পালন, পাঠ্যক্রম বাস্তবায়ন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি শ্রী চন্দন নাথ, সাধারণ সম্পাদক শ্রী শ্যাম সুন্দর বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক শ্রী সুদীপ নাথ, প্রচার সম্পাদক শ্রী টিপলু নাথ। এছাড়াও বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী গোকুল মল্লিক, সাধারণ সম্পাদক শ্রী মানিক নাথ, সহ-সম্পাদক জিকু শীল, সহ-সম্পাদক ইমন শীল, অর্থ সম্পাদক তন্ময় নাথ, সাংস্কৃতিক সম্পাদক ঐরূপ শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং গীতা শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ চর্চা ও আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক জীবন গঠনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন কেন্দ্রের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কেন্দ্রগুলোর অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষা উপকরণের প্রয়োজনীয়তা, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, প্রশিক্ষিত শিক্ষক সংকট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। নেতৃবৃন্দ সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন
।
বাগীশিক নেতৃবৃন্দ বলেন, গীতা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মিক বিকাশের অন্যতম ভিত্তি। বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গীতা শিক্ষার বিকল্প নেই। তাই প্রত্যন্ত অঞ্চলেও গীতা শিক্ষা কেন্দ্রগুলোর কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করতে বাগীশিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনের শেষে নেতৃবৃন্দ কেন্দ্রগুলোর সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে আরও সমন্বিত ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে গীতা শিক্ষার প্রসার এবং মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে আদর্শ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাগীশিকের এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Sanatan Dharma SD










জয় গীতা 🙏
উত্তরমুছুন